logo

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, ইউআরসি ২০২৬-এ তৃতীয় ইউআইইউ মার্স রোভার টিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, ইউআরসি ২০২৬-এ তৃতীয় ইউআইইউ মার্স রোভার টিম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তি ও রোবোটিক্স খাতে নতুন ইতিহাস গড়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউআইইউ। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ বা ইউআরসি ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে তৃতীয় এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউআইইউ মার্স রোভার টিম।

এই অর্জনের মাধ্যমে শুধু বাংলাদেশই নয়, পুরো এশিয়ার জন্যও তৈরি হয়েছে নতুন এক মাইলফলক। কারণ ইউআরসি প্রতিযোগিতার ২০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো এশীয় দল বিশ্বমঞ্চের পোডিয়ামে জায়গা করে নিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে গত ২৭ থেকে ৩০ মে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর রোভার টিম অংশ নেয়।

ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স বা সিএআইআরের অধীনে পরিচালিত এই দলটি প্রতিযোগিতার চারটি গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে সম্পন্ন করে। মিশনগুলো ছিল বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিবেশে পরিচালনা সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং।

বিশ্বের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ মার্স রোভার টিম মোট ৪০০ দশমিক ৪৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে। একই সঙ্গে দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতিও অর্জন করেছে।

প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এস অ্যান্ড টি মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান অর্জন করে অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার টিম, তাদের অর্জিত পয়েন্ট ৪১২ দশমিক ৪১।

এবারের ইউআরসি প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি বিশ্ববিদ্যালয় দল প্রাথমিকভাবে অংশ নেয়। বিভিন্ন ধাপের কঠোর মূল্যায়নের পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় মাত্র ৩৮টি দল। সেই তালিকায় জায়গা করে নেওয়ার পর বিশ্বমঞ্চে তৃতীয় হওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় অর্জন।

চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ভারত, বাংলাদেশ, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান, মেক্সিকো ও তুরস্কসহ বিভিন্ন দেশের দল অংশ নেয়।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউআইইউ মার্স রোভার টিম ২০২২ সাল থেকে টানা পাঁচবার এশিয়ার সেরা রোভার দল হওয়ার গৌরব ধরে রেখেছে।

দলটির পরামর্শক হিসেবে ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার বড় প্রমাণ। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, এমবেডেড সিস্টেম এবং মেকানিক্যাল ডিজাইনের মতো আধুনিক প্রযুক্তিখাতে বাংলাদেশের সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরেছে এই অর্জন।

ইউআইইউ মার্স রোভার টিমের এই সাফল্য ভবিষ্যতে দেশের তরুণদের মহাকাশ গবেষণা ও রোবোটিক্সে আরও আগ্রহী করে তুলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।