logo

পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের সব অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।

সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। ২০২৫ সালে ব্যাংকিং কার্যক্রমে বিশেষ সাফল্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে সম্মাননা পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনীয়তা ও ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এর মাধ্যমে পরিস্থিতি সফলভাবে মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কনফারেন্সে ব্যাংকের ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং লক্ষ্যমাত্রা অর্জনে আগামী দিনগুলোতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।