logo
Advertisement

থিয়েটার গ্র্যাজুয়েটদের নিয়ে নতুন সংগঠন TGAB-এর যাত্রা শুরু

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
থিয়েটার গ্র্যাজুয়েটদের নিয়ে নতুন সংগঠন TGAB-এর যাত্রা শুরু
ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সৌজন্যে

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Theatre Graduates Association of Bangladesh (TGAB)। পেশাগত যোগাযোগ বাড়ানো, গবেষণা ও জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং নাট্যচর্চার বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে শেখ এহসানুর রহমানকে আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী রোকসানা রুমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয় কিশোর সৌরভকে সদস্যসচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সংগঠনের প্রাথমিক সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

TGAB-এর অন্যতম লক্ষ্য দেশের বিভিন্ন নাট্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করা। শিক্ষা শেষ করার পর পেশাগত জীবনেও যাতে তারা পারস্পরিক সহযোগিতা ও দিকনির্দেশনা পান, সে ক্ষেত্র তৈরি করতেও কাজ করবে সংগঠনটি।

এ ছাড়া পেশাদার নাট্যচর্চায় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, গবেষণা ও জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে বিশ্বসংস্কৃতির সম্পর্ক নিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে TGAB-এর।

নবগঠিত উপদেষ্টা কমিটির প্রতিনিধিরা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাংলাদেশের নাট্যচর্চাকে আরও প্রাতিষ্ঠানিক ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে নতুন প্রজন্মের নাট্যশিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের এই উদ্যোগ সময়োপযোগী। একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে তরুণ নাট্যকর্মীদের দক্ষতা ও অবদান যেন যথাযথভাবে মূল্যায়িত হয়, সে বিষয়ে তারা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

TGAB-এর আহ্বায়ক শেখ এহসানুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থিয়েটার প্রদর্শনী, গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নাট্যশিক্ষার্থীদের পেশাগত ক্ষেত্র আরও সুসংহত করার বিষয়েও কাজ করবে সংগঠনটি।

তিনি বলেন, দেশের বিদ্যমান রাষ্ট্রকাঠামোয় থিয়েটার গ্র্যাজুয়েটদের পেশাগত অবদান রাখার যে সুযোগ রয়েছে, তা নিশ্চিত করতে এই প্ল্যাটফর্ম সক্রিয় ভূমিকা রাখবে।

সংগঠনের সদস্যসচিব হৃদয় কিশোর সৌরভ বলেন, থিয়েটার বিভাগের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা দীর্ঘদিনের। বিলম্বে হলেও সেই উদ্যোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া হবে।

‘শিক্ষা, শিল্প, প্রগতি ও থিয়েটার অধিকারের ঐক্যে আমরা সবাই সবার’ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে Theatre Graduates Association of Bangladesh। পারস্পরিক যোগাযোগ, পেশাগত বিকাশ ও নাট্যচর্চার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।