logo

বনশ্রীতে শেল্‌টেক সিরামিক্‌সের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

বনশ্রীতে শেল্‌টেক সিরামিক্‌সের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন
শেল্‌টেক সিরামিক্‌সের সৌজন্যে

রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেল্‌টেক সিরামিক্‌স লিমিটেড। গত ২৪ সেপ্টেম্বর বনশ্রীর মূল সড়কে অবস্থিত শেল্‌টেক লিগ্যাসি প্লাজায় সেন্টারটির উদ্বোধন করা হয়। ঢাকায় এটি প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।

নতুন এই সেন্টারে শেল্‌টেক সিরামিক্‌সের বিভিন্ন ধরনের টাইলসের সংগ্রহ প্রদর্শন করা হয়েছে। বনশ্রীকে ঘিরে দ্রুত গড়ে ওঠা আবাসিক ও বাণিজ্যিক এলাকার গ্রাহকদের কাছে সরাসরি পণ্য দেখার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেন্টারটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহকেরা টাইলসের টেক্সচার, ফিনিশিং, বিভিন্ন নকশার সমন্বয় ও ব্যবহারিক দিক সরাসরি দেখে নিতে পারেন। ফলে শুধু পণ্য দেখার পাশাপাশি নিজের বাড়ি বা প্রকল্পে কোন টাইলস কেমন মানাবে, সে সম্পর্কেও ধারণা নেওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেল্‌টেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেন, প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকদের আরও কাছ থেকে জানা এবং তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ তৈরি হয়। বনশ্রী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। নতুন এই সেন্টারের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে শেল্‌টেক সিরামিক্‌সের টাইলস দেখার অভিজ্ঞতা আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে তাদের।

নতুন এক্সপেরিয়েন্স সেন্টারটি শেল্‌টেক লিগ্যাসি প্লাজার অংশ। বনশ্রীর মূল সড়কে অবস্থিত ১৭ তলা এই বাণিজ্যিক ভবনটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এখান থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিল এলাকায় সহজে যাতায়াত করা যায়। ভবিষ্যতে প্রস্তাবিত মেট্রোরেল সংযোগ চালু হলে এলাকাটির যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বনশ্রীতে নতুন সেন্টার চালুর মাধ্যমে ঢাকায় গ্রাহকমুখী কেন্দ্রের পরিসর আরও বাড়াল শেল্‌টেক সিরামিক্‌স। এর আগে তেজগাঁও ও হাতিরপুলে প্রতিষ্ঠানটির দুটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু হয়েছে। এসব কেন্দ্রে প্রচলিত শোরুমের বাইরে গ্রাহকদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানার এবং সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে।

নতুন সেন্টারে শুধু টাইলস প্রদর্শনের ওপর গুরুত্ব না দিয়ে বিভিন্ন টাইলস ও সারফেস একসঙ্গে ব্যবহারের ধারণাও তুলে ধরা হয়েছে। ফলে বাড়ির মালিকদের পাশাপাশি স্থপতি, নকশাবিদ ও বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীরা পণ্যের প্রকৃত রং, নকশা, টেক্সচার ও ফিনিশিং দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।

ঢাকায় তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মধ্য দিয়ে আবাসিক ও বাণিজ্যিকভাবে দ্রুত পরিবর্তনশীল এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে শেল্‌টেক সিরামিক্‌স।