logo

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : এশিয়া পোস্ট

বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের (এলামনাই) উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও এর চারপাশের এলাকা প্রদক্ষিণ করে।

পরবর্তী অংশে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ড. রুবানা হক। এছাড়া ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মুনিজে মঞ্জুর এবং সাবেক উপাচার্যদের পক্ষে অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে বিগত তিন দশকের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণার নানা অর্জন স্মরণ করেন। এছাড়া আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার দিকনির্দেশনা ও রূপরেখা প্রদান করেন বক্তারা।

আলোচনা সভার ফাঁকে ফাঁকে এবং শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলামনাইদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।