দেশের সাইক্লিং জগতে সাহাদাত হোসাইনের ধারাবাহিক সাফল্য

এশিয়া পোস্ট ডেস্ক
দেশের সাইক্লিং জগতে সাহাদাত হোসাইনের ধারাবাহিক সাফল্য
সাইক্লিস্ট সাহাদাত হোসাইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিযোগিতামূলক সাইক্লিং অঙ্গনে ধারাবাহিক সাফল্য, অসাধারণ সহনশীলতা এবং আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের মাধ্যমে বিশেষ পরিচিতি তৈরি করেছেন সাইক্লিস্ট সাহাদাত হোসাইন। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জাতীয় ও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিয়ে তিনি নিজেকে অন্যতম প্রতিশ্রুতিশীল রোড ও টাইম ট্রায়াল সাইক্লিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সীমিত অবকাঠামো ও পৃষ্ঠপোষকতার চ্যালেঞ্জিং পরিবেশেও তার এই অর্জন ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সাহাদাত হোসাইনের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো দীর্ঘ দূরত্বের রাইডে তার অসাধারণ সক্ষমতা। ২০২০, ২০২২ এবং ২০২৫ সালে তিনবার সফলভাবে ৪০০ কিলোমিটার সাইক্লিং সম্পন্ন করে তিনি অসাধারণ শারীরিক ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। এছাড়া মাউন্টেন বাইক (এমটিবি) নিয়ে দেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়া থেকে দক্ষিণ প্রান্ত টেকনাফ পর্যন্ত দীর্ঘ পথ মাত্র চার দিনে সম্পন্ন করা তার ক্রীড়া জীবনের একটি ব্যতিক্রমধর্মী অর্জন, যা সাইক্লিং কমিউনিটিতে ব্যাপক আলোড়ন তোলে।

প্রতিযোগিতামূলক ইভেন্টেও তার সাফল্যের তালিকা বেশ দীর্ঘ। বিশেষ করে ইনডিভিজ্যুয়াল টাইম ট্রায়াল (আইটিটি) এবং টিম টাইম ট্রায়াল (টিটিটি) বিভাগে তিনি অনন্য। ২০২১ সালে 'টিমবিডিসি আইটিটি এপিসোড ৩'-এ চ্যাম্পিয়ন এবং ‘মুজিব ১০০ বছর দুরন্ত মাউন্টেন বাইক রেস'-এ তৃতীয় স্থান অর্জন করেন তিনি। ২০২২ সালে ‘এফএনএফ আইটিটি রোড রেস'-এ রানারআপ হওয়ার পাশাপাশি জাতীয় রোড রেস চ্যাম্পিয়নশিপের টিটিটি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন।

পরবর্তী বছরগুলোতেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকে। ২০২৩ সালে ৩০০ ফিট আইটিটি রোড রেসে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ঢাকা ম্যাক্স সিজন-১ এর আইটিটিতে দ্বিতীয় স্থান এবং টিটিটি বিভাগে চ্যাম্পিয়ন হন। একই বছরে জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে (টিটিটি) ব্রোঞ্জ পদক অর্জন করেন। ২০২৪ সালেও জাতীয় চ্যাম্পিয়নশিপের টিটিটি বিভাগে পুনরায় ব্রোঞ্জ জেতেন তিনি। ২০২৫ সালে পূর্বাচল সাইক্লিং চ্যালেঞ্জের আইটিটি ও টিটিটি- উভয় বিভাগে এবং ঢাকা ম্যাক্স সিজন-২ আইটিটিতে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে দেশের অন্যতম সেরা টাইম ট্রায়াল সাইক্লিস্ট হিসেবে প্রমাণ করেন।

২০২৬ সাল সাহাদাতের ক্রীড়া জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চলতি বছর এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপ ট্রায়ালে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এছাড়া এই বছর এফএনএফ আইটিটি রেস এবং টিমবিডিসি আইটিটি রেস- উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ৩০ কিলোমিটার আইটিটিতে স্বর্ণপদক, ৪৫ কিলোমিটার টিটিটিতে ব্রোঞ্জ পদক এবং ৬০ কিলোমিটার রোড ম্যাস স্টার্ট রেসে রৌপ্যপদক অর্জন করেছেন।

সহকর্মী ও কোচদের মতে, সাহাদাত হোসাইনের সবচেয়ে বড় শক্তি হলো তার শৃঙ্খলা, কঠোর অনুশীলন এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা। দেশের সাইক্লিংকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তিনি নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। ক্রীড়া বিশ্লেষকদের ধারণা, তার এই ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷