logo

উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে ইউল্যাব ও এসিইউর মতবিনিময়

উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে ইউল্যাব ও এসিইউর মতবিনিময়
ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন), ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই বৈঠকে এসিইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর কলিন রিওর্ডান। তার সঙ্গে ছিলেন সদস্যপদ, প্রোগ্রাম ও উন্নয়ন বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের মেম্বারশিপ এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখরনা।

বৈঠকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় ইউল্যাব ও এসিইউর বিদ্যমান সম্পর্ক, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। বিশেষ করে একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উভয় পক্ষ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক উচ্চশিক্ষা নেটওয়ার্কে আরও সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সভায় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, এসিইউর সঙ্গে এই সম্পৃক্ততা ইউল্যাবের আন্তর্জাতিকীকরণ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা নতুন নতুন একাডেমিক ও গবেষণামূলক সুযোগ পাবেন এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ইউল্যাবের অবদান আরও সমৃদ্ধ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা দেশের উচ্চশিক্ষা খাতকে বৈশ্বিক মানের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে সহায়তা করবে।