logo

২য় বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউর বিবিএ ইন এআইএস প্রোগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

২য় বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউর বিবিএ ইন এআইএস প্রোগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ ইন এআইএস প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস (আইআইএ) থেকে ‘একাডেমিক অ্যালায়েন্স’ হিসেবে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি ইউআইইউ পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস (আইআইএ) গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে একটি চিঠি হস্তান্তরের মাধ্যমে ইউআইইউকে এই স্বীকৃতি প্রদান করেছে। এর ফলে, একাডেমিক অ্যালায়েন্স প্রোগ্রামের অধীনে একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউ তালিকাভুক্ত হলো।

আইআইএ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলোর আন্তর্জাতিক মান নির্ধারণ করে সার্টিফিকেশন বা স্বীকৃতি প্রদান করে। এটি শিক্ষার্থীদের পরিচিতিমূলক অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পেশাদার অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার ভবিষ্যৎকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ভিত্তি প্রদান করে। উল্লেখ্য, আইআইএ হল এএসসি‌এসবির (Association to Advance Collegiate Schools of Business) একটি পার্টনার।

এই স্বীকৃতি বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে ইউআইইউর বিবিএ ইন এআইএস প্রোগ্রামের একাডেমিক উৎকর্ষতা প্রমাণ করে। ইউআইইউর পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যা অভ্যন্তরীণ নিরীক্ষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান নিশ্চিত করে। এই অর্জন একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবধান পূরণে এবং ইউআইইউর একাডেমিক উৎকর্ষতা আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।