logo

ইউআইইউ’তে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপন

ইউআইইউ’তে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপন
ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপন করা হয়েছে। এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ (সিসিপি)- এর প্রোগ্রাম হেড আবু সাদাত মনিরুজ্জামান খান এবং কাজী নওশাবা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।

পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা, জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ দিতে এ আয়োজন করা হয়। প্রথম দিনের আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা, পোস্টার উপস্থাপনা, ভিডিও প্রদর্শনী এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, টেকসই পণ্যের প্রদর্শনী স্টল এবং পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার।

সেমিনারে বক্তারা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই ভোগ, পরিবেশ সংরক্ষণ এবং সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্ম ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের নির্বাচিত কাজ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।