logo

গর্ভবতী মায়েদের চিকিৎসায় আদ্-দ্বীন হাসপাতালে নতুন ওয়ার্ড উদ্বোধন

গর্ভবতী মায়েদের চিকিৎসায় আদ্-দ্বীন হাসপাতালে নতুন ওয়ার্ড উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

গর্ভবতী মায়েদের জন্য উন্নত, সহজলভ্য ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আদ্-দ্বীন হাসপাতালে ৩৭ শয্যাবিশিষ্ট Fahmida Antenatal Ward উদ্বোধন করা হয়েছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডটির উদ্বোধন করেন। বিশিষ্ট চিকিৎসক ডা. ফাহমিদা মজুমদারের নামে ওয়ার্ডটির নামকরণ করা হয়েছে। নতুন এই ওয়ার্ড চালুর মাধ্যমে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং সেবার সমন্বয় আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। তিনি তার বক্তব্যে জানান, নতুন Fahmida Antenatal Ward গাইনি ও অবস বিভাগে মাতৃস্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের উদ্যোগের অংশ। অপারেশন থিয়েটারের কাছাকাছি ওয়ার্ডটির অবস্থানের ফলে প্রয়োজনের সময় গর্ভবতী রোগীদের স্থানান্তর এবং চিকিৎসাসেবার সমন্বয় আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে অ্যান্টিনেটাল শয্যার সংখ্যা ১৮৮টি এবং পোস্ট নেটাল শয্যার সংখ্যা ১৯৬টি।

অনুষ্ঠানে বক্তব্য দেন আদ্-দ্বীন আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। তিনি প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতাল কোনো একক ব্যক্তির প্রতিষ্ঠান নয়; এটি সবার। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকের দায়িত্ব হলো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করা এবং সম্মিলিত প্রচেষ্টায় চিকিৎসাসেবার মান আরও উন্নত করা।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা তার বক্তব্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সুন্দর ও রোগীবান্ধব প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহ, আন্তরিকতা ও কর্মোদ্যমের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, মানুষের কল্যাণে কাজ করা এবং ভালো কাজের মাধ্যমে অন্যের উপকারে আসাই সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. ফাহমিদা মজুমদার। তিনি নতুন ওয়ার্ড চালুর উদ্যোগ এবং মাতৃস্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং এ খাতে সেবার পরিধি সম্প্রসারণের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের তাৎপর্য তার বক্তব্যে উঠে আসে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর তার বক্তব্যে চিকিৎসাসেবার পরিধি ও মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি নতুন ওয়ার্ডের কার্যক্রমের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরদার মোহাম্মদ রেজাউল ইসলাম এবং আদ্-দ্বীন হাসপাতালের গাইনি ও অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. লাইলা নূরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তারা।

৩৭ শয্যাবিশিষ্ট Fahmida Antenatal Ward চালুর মাধ্যমে মাতৃস্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজ ও সমন্বিত করার ক্ষেত্রে নতুন একটি পদক্ষেপ নিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং সম্মিলিত দায়িত্বশীলতার মাধ্যমে সেবার মানোন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।