আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’। পূর্বের ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এ নতুন নামে তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১১ জুলাই) ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এভেনজোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী খান মো. আকতারুজ্জামান। উল্লেখ্য, তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার অধ্যক্ষ ডালিয়া নওরিন, উপাধ্যক্ষবৃন্দ, লিডার্স ফোরামের সদস্যবৃন্দ এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলের উপাধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহরের নামানুসারে প্রতিষ্ঠানটির এই নতুন নামকরণ করা হয়েছে। ‘এভেনজোর’ কেবল একটি নাম নয়, এটি বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের একটি অঙ্গীকার। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করবে না, বরং প্রশ্ন করতে শিখবে, উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলবে এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে বিশ্বমানের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আকতারুজ্জামান তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য, মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত রয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর মাসেই এভেনজোর আরও বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।




