ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ উদ্বোধন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) এ শুরু হয়েছে ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠান।
সোমবার (১৩ জুলাই) তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আয়োজনে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তাভাবনা ও নৈতিক উদ্যোক্তা মনোভাব গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাগুলোকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ইতিবাচক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল প্রাথমিক পর্বে অংশগ্রহণ করছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করছে।
এই আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের উদ্ভাবন, উদ্যোক্তা দক্ষতা ও টেকসই নেতৃত্ব বিকাশে এবং একাডেমিয়া-শিল্প সহযোগিতা বৃদ্ধিতে তার অঙ্গীকার অব্যাহত রেখেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন; জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন; জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন; আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান; কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ কমিটির সদস্য, বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা।




