logo
Advertisement

ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন
ছবি: সোনারগাঁও ইউনিভার্সিটির সৌজন্যে

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড (Fibonacci International Robot & STEM Olympiad) ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির এসইউ ইনোভেশন হাবের (SU Innovation Hub) তিনটি দল।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির দলগুলো এ সাফল্য অর্জন করে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথমে রয়েছে StingRay Hunter-X। দলটি ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে রৌপ্য পদক অর্জন করে। পানির নিচে স্বয়ংক্রিয় অনুসন্ধান, উদ্ধার ও রিকভারি সক্ষমতাসম্পন্ন Autonomous Underwater Robot With River Recovery & Rescue System প্রকল্প প্রদর্শন করে দলটি এ পদক অর্জন করে। দলের সদস্যরা হলেন মো. জুনাইদ আহমেদ (CE), আরফাত উজ জামান (ME), এহসান সাজিদ (ME) ও রাফসান রাহাত (ME)।

দ্বিতীয় দল SU Astro Nova। দলটি রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। সামরিক ও নিরাপত্তাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতাসম্পন্ন Remote Autonomous Mine Detection & Defusion Robot Version 2 প্রকল্প উপস্থাপন করে দলটি। দলের সদস্যরা হলেন আকরাম এফ. মনি (ME), রেজাউল করিম (ME), ফজলে রাব্বি (CE) ও আরমান (EEE)।

তৃতীয় দল Robo Vend PRS। গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে দলটি। প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি 3D প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরিতে কার্যকর সমাধান হিসেবে Reverse Vending System প্রকল্প উপস্থাপন করে দলটি। দলের সদস্যরা হলেন আরিফুজ্জামান হৃদয় (EEE), খুশি আক্তার (BBA), তান্না আক্তার (CSE), নূরে আফ্রিদি চৌধুরী (CE) ও তাওসিফ আহমেদ (EEE)।

এসইউ ইনোভেশন হাবের পরিচালনায় গত এক বছরে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার পাশাপাশি একাধিকবার সেরা ক্লাবের সম্মাননা অর্জন করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এসইউ ইনোভেশন হাবে পানির নিচে উদ্ধারকারী রোবট, ফায়ার ফাইটিং রোবটসহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মোট পাঁচটি রোবট রয়েছে। এ ছাড়া SU Mars Rover টিম তাদের মার্স রোভারের নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। গবেষণা ও উদ্ভাবনকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে এসইউ ইনোভেশন হাব শিক্ষার্থীদের প্রযুক্তি ও রোবটিক্স চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসইউ ইনোভেশন হাবের কার্যক্রমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর নুরুজ্জামান রাকিব। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম।