logo
Advertisement

পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা মেডিকেলে চালু ক্যাশলেস লেনদেন

এশিয়া পোস্ট ডেস্ক
পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা মেডিকেলে চালু ক্যাশলেস লেনদেন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু ক্যাশলেস লেনদেন। ছবি : সংগৃহীত

রোগী ও স্বজনদের হাসপাতালের বিভিন্ন সেবার মূল্য পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক এ কার্যক্রম চালু করা হয়েছে।

Advertisement

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক কিউআর’ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম এবং উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন. এম. ফিরোজ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে হাসপাতালের বিভিন্ন সেবার মূল্য পরিশোধে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি কমার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল আর্থিক লেনদেন আরও সম্প্রসারিত হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ধারাবাহিকতায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনদের অর্থ পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। ডিজিটাল লেনদেনের প্রসারে পূবালী ব্যাংক আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্যসেবা খাতে ক্যাশলেস পেমেন্টের এ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।