logo

দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা

দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
ইউল্যাব ক্যাম্পাস। ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগ আগামী ১ অক্টোবর হিউম্যানিটিজে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা শীর্ষক এক জাতীয় গোলটেবিল আলোচনার আয়োজন করতে যাচ্ছে। ইউল্যাব ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। গোলটেবিল বৈঠকের আহ্বায়ক ও সঞ্চালক হিসেবে থাকবেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ রাফি।

বাংলাদেশে গবেষণার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের সম্পৃক্ততা বাড়ার প্রেক্ষাপটে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার এই প্রসারের পাশাপাশি প্রকাশিত গবেষণাকর্মের মান ও সততা, দায়িত্বশীল প্রকাশনা পদ্ধতি, একাডেমিক মেন্টরশিপ বা দিকনির্দেশনা, প্রকাশনায় প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং নতুন গবেষকদের সহায়তার মতো বিষয়গুলো আবারও জোরালোভাবে সামনে এসেছে। বিশেষ করে মানবিক বা হিউম্যানিটিজ শাখার ক্ষেত্রে বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ, এই ক্ষেত্রের গবেষকদের উপযুক্ত জার্নাল নির্বাচন, পিয়ার-রিভিউয়ের মানদণ্ড, স্বত্বাধিকার ও সাইটেশন নীতি, জেনারেটিভ এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার এবং গবেষণা মূল্যায়নের পরিবর্তিত পদ্ধতির মতো নানা জটিলতার মুখোমুখি হতে হয়।

এই প্রেক্ষাপটে গোলটেবিল বৈঠকটি গবেষণা ও প্রকাশনার বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শিক্ষক, গবেষক ও একাডেমিক নীতি নির্ধারকদের মধ্যে একটি গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে গবেষণাকর্মে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এই ক্ষেত্রে কার্যকর ও সচেতন পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও আলোচনা হবে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়লা সুলতানা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম; ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী; নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইউল্যাবের ‘অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ’-এর পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হক জোয়ারদার।

এই আয়োজনটি নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাংলাদেশে দায়িত্বশীল গবেষণা-সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে একটি বৃহত্তর জাতীয় সংলাপের সূচনা করতে চায়। একাডেমিক উৎকর্ষ ও গবেষণার সামগ্রিক মানোন্নয়নে ইউল্যাবের অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগটি দেশের গবেষণা ও প্রকাশনার ভবিষ্যৎ নিয়ে আরও বিস্তৃত ভাবনার ক্ষেত্র তৈরি করবে।