এভেরোজ স্কুলে সীরাহ এক্সিবিশন, থাকবে ১৩টি থ্রিডি মডেল

রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ (স.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সীরাহ এক্সিবিশনের আয়োজন করতে যাচ্ছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া। ‘দ্য সিলড নেক্টার: ইকোস অব দ্য প্রফেটিক লিগ্যাসি’ শীর্ষক এ প্রদর্শনী আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষাকে ১৩টি থ্রিডি মডেলের মাধ্যমে উপস্থাপন করবে। এসব মডেলের মাধ্যমে সীরাহর বিভিন্ন অধ্যায় ও ঘটনাকে সৃজনশীলভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, প্রদর্শনীর উদ্দেশ্য শুধু মহানবি (স.)-এর জীবনের ঘটনাগুলো শিক্ষার্থীদের জানানো নয়। তার জীবন থেকে সততা, আমানতদারি, ধৈর্য, নেতৃত্ব, ত্যাগ, ক্ষমাশীলতা, মানবিকতা, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, দায়িত্ববোধ ও উত্তম চরিত্রের মতো মূল্যবোধ শিক্ষার্থীদের সামনে তুলে ধরাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
থ্রিডি মডেল তৈরি ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা সীরাহ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণা, সৃজনশীলতা, দলগত কাজ, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে সীরাহ এক্সিবিশন থেকে অর্জিত জ্ঞান এবং রাসুলুল্লাহ (স.)-এর জীবন সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি যাচাই করা হবে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে তাদের জ্ঞানার্জনের আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাবকে উৎসাহিত করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার পক্ষ থেকে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রদর্শনীতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


