logo

আইএসইউতে অনুষ্ঠিত হলো এসআইসিআইপি-বিজিএমইএ’র ক্যাম্পাসভিত্তিক নিয়োগ

আইএসইউতে অনুষ্ঠিত হলো এসআইসিআইপি-বিজিএমইএ’র ক্যাম্পাসভিত্তিক নিয়োগ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’।

শনিবার (২৫ এপ্রিল) ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬ অনুষ্ঠিত হয়। 

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিজিএমইএ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

আয়োজক সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির ) অর্থায়নে আয়োজিত হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। এ কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি শিল্পখাতের সঙ্গে যুক্ত করা এবং যোগ্যদের তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। অনুষ্ঠানে অংশ নেওয়া একটি শিল্পপ্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মজগতের প্রস্তুতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

সহকারী সমন্বয়কারী সাঈদা আফরিনের সঞ্চালনায় বিজিএমইএ’র পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।

সভাপতির বক্তব্যে রুমানা রাশিদ বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণ ও সরাসরি নিয়োগ কার্যক্রম শিল্পখাতকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচির (বিজিএমইএ) সমন্বয়কারী মো. আশফাকুর রহমান (রাজিব) এবং বিটপি গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক-মানবসম্পদ, প্রশাসন ও সামঞ্জস্য তারেক আজিজ। 

এতে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি-বিজিএমইএ-আইএসইউ’র সমন্বয়কারী (সিআইসি) মো. আমিনুল হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক এ. কে. এম. রফিকুল আলম এবং স্ট্যান্ডার্ড গ্রুপের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সালমান ওসমান অরণ্য।