logo

সাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সূত্রে পাওয়া

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখবে প্রতিষ্ঠানটি।

সাফের নির্ধারিত চিকিৎসাসেবা পরিকল্পনা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন স্বাস্থ্যসেবাকর্মী।

এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা রাখা হবে। মাঠে প্রস্তুত থাকবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামসহ দুটি স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণে চিকিৎসাসেবা দেওয়ার এই উদ্যোগ হাসপাতালটির জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।