logo

চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের প্রতিনিধি দল

চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের প্রতিনিধি দল
ছবি: ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ সফর চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

প্রতিনিধি দলে রয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য সদস্যরাও প্রতিনিধি দলের অংশ হিসেবে রয়েছেন।

সফরকালে প্রতিনিধি দল গুয়াংজুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এর মধ্যে সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি অন্যতম। এসব সফরের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

পাশাপাশি চীনের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন চর্চা ও কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন সফরকারীরা। বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি চীনের শিক্ষা ও সংস্কৃতি, ইতিহাস এবং দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন তারা। ফলে শ্রেণিকক্ষের বাইরেও দেশটির সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হবে প্রতিনিধি দলের সদস্যদের।

ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের আন্তর্জাতিক সফর ইস্টার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা অর্জন এবং নতুন একাডেমিক যোগাযোগ তৈরির সুযোগও তৈরি হবে।