Advertisement

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, উচ্চশিক্ষা ও মানবকল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

Advertisement

দেশের বিজ্ঞানীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পাওয়ায় গ্রিন ইউনিভার্সিটি পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার পরিধি আরও বিস্তৃত হয়েছে সিঙ্গাপুর, জাপান, জার্মানি ও চীনের বিভিন্ন খ্যাতনামা গবেষণাগারে পোস্টডক্টরাল গবেষণার মাধ্যমে।

দীর্ঘ কর্মজীবনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা, উচ্চশিক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বিশেষ করে ২০০৪ সালে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলে সহায়তার জন্য তাঁর উদ্ভাবিত ইলেকট্রনিক আই প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। তাঁর এই উদ্ভাবন সিএনএন, বিবিসি, রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত ও প্রশংসিত হয়।

অধ্যাপক শরীফ উদ্দিনের গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ভিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং এবং এগ্রো-বায়োমেডিক্যাল ইমেজিং। এসব ক্ষেত্রে তাঁর প্রায় ৩০০টি গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রকাশনা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এর মধ্যে এলসেভিয়ার, স্প্রিঙ্গার, আইইইই ও এসিএমের মতো প্রকাশনা প্ল্যাটফর্ম রয়েছে।

তাঁর গবেষণাকর্মের গুগল স্কলারে সাইটেশন সংখ্যা ৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তাঁর দুটি পেটেন্টও রয়েছে।

পেশাগতভাবে অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) ফেলো। তিনি আইইইইর সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইইই অ্যাকসেস জার্নালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএএসের ফেলো নির্বাচিত হওয়ার এই স্বীকৃতিকে তাঁর দীর্ঘদিনের গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় অবদানের গুরুত্বপূর্ণ মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এই অর্জন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গবেষণা ও উচ্চশিক্ষার অগ্রযাত্রাকেও আরও সমৃদ্ধ করবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের এই অর্জনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার তাঁকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় তাঁর ভবিষ্যৎ কার্যক্রম আরও সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।