logo

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন
ছবি: বিইউএফটি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ইন্টারউইভেন সিভিলাইজেশনস শীর্ষক দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এ সময় দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়নঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী। তিনি বিজিএমইএর সভাপতির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম হংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মোহিউদ্দিন তাহের।

বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন চেংদু কিংগং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি পু বিংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গে ঝেনইউ।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল লেইজু কলেজ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিইউএফটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।