Advertisement

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের শাহ সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন

এশিয়া পোস্ট নিউজ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের শাহ সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মুন্সিগঞ্জে অবস্থিত শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

এই পরিদর্শনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১১০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। পুরো কার্যক্রমটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব তাহমিদ মোস্তফা এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেল-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শাহ সিমেন্টের আধুনিক ও বৃহৎ পরিসরের উৎপাদন ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। বিশেষভাবে তারা বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল (Vertical Roller Mill) পরিদর্শন করেন এবং এর কার্যপ্রণালি, প্রযুক্তি ও সিমেন্ট উৎপাদনে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এ ছাড়াও শিক্ষার্থীরা ফ্যাক্টরির *সিমেন্ট উৎপাদনের কাঁচামাল ও উপাদান, সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং সিমেন্ট তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, তা বোঝার জন্য তারা সেন্ট্রাল কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং উৎপাদন প্রক্রিয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ল্যাবরেটরি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ঘুরে দেখেন। সেখানে সিমেন্টের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পরীক্ষা, মান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এ ছাড়াও শিক্ষার্থীরা সিমেন্টের ব্যাগ উৎপাদন কারখানা পরিদর্শন করেন। সেখানে বৃহৎ পরিসরে সিমেন্টের ব্যাগ তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে তারা বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি ফ্যাক্টরির স্টোরেজ ও উপকরণ সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শনের মাধ্যমে শিল্পকারখানায় কাঁচামাল ও প্রস্তুত পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কেও তারা ধারণা লাভ করেন।

শিল্প পরিদর্শনের শেষ পর্যায়ে একটি সংক্ষিপ্ত সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদন, কাঁচামাল, মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা এবং প্রকৌশল-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক জ্ঞানকে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করার সুযোগ লাভ করেন।

এই শিল্প পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সিমেন্ট উৎপাদনের বিভিন্ন ধাপ প্রত্যক্ষ করার সুযোগই পাননি; বরং একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে প্রকৌশল জ্ঞান, আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মনে করে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও শিল্পমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সুযোগ পান।

শিক্ষামূলক এই পরিদর্শন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য শাহ সিমেন্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এই পরিদর্শনটি ছিল শিক্ষার্থীদের জন্য শিক্ষা, প্রযুক্তি ও বাস্তব শিল্প-অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়, যা তাদের ভবিষ্যৎ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার পথকে আরও সমৃদ্ধ করবে।