logo
Advertisement

গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা

এশিয়া পোস্ট ডেস্ক
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা
ছবি : সংগৃহীত

আন্তঃবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিআইআইডি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

Advertisement

১৯ আগস্ট ২০২৬ ইউল্যাব ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি। এ সময় বিআইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদ উদ্দিন আকবর, ইউল্যাবের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউল্যাবের উপাচার্য উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও কার্যকর গবেষণা এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সমঝোতা স্মারকে বিআইআইডি ফাউন্ডেশনের প্রশাসন বিভাগের ইনচার্জ মো. সালাহ উদ্দিন আকবর এবং ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

২০১৯ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত বিআইআইডি কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছে। জাতীয় ও বৈশ্বিক উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

এই অংশীদারত্বের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে একাডেমিয়া এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখার নতুন সুযোগ তৈরি করবে।