Advertisement

চরফ্যাশনে অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

এশিয়া পোস্ট নিউজ
চরফ্যাশনে অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলার চরফ্যাশন উপজেলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই সময় ঘর থেকে জমি কেনার জন্য রাখা নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেছেন। 

অভিযুক্তরা হলেন—নুর করিম, হানিফ ও নাজমুল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে থাকেন। জমি কেনার জন্য ব্যাংক থেকে তোলা ৪ লাখ টাকা গত মঙ্গলবার বাড়িতে এনেছিলেন ওই নারী। কথা ছিল পরদিন সকালে জমির মালিককে টাকাটি বুঝিয়ে দেবেন। ওই দিন রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে ভুলবশত ঘরের চিলেকোঠার ফটক খোলা থেকে যায়।

গভীর রাতে অভিযুক্ত নুর করিম ও তার সহযোগীরা ঘরে ঢুকে গৃহবধূর মুখ ও হাত বেঁধে ফেলেন। এরপর আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করেন। একপর্যায়ে তিন শিশুসন্তানকে অস্ত্রের মুখে পাশের কক্ষে আটকে রেখে অভিযুক্ত তিনজন পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত নুর করিম দাবি করেন, ওই রাতে তার দোকানেও চুরি হয়েছে। তাদের সঙ্গে পুরোনো বিরোধের জেরে এই অভিযোগ করা হতে পারে বলে তার দাবি।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান বলেন, ধর্ষণের শিকার হওয়া এক নারীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।