বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিরোধে যুবক নিহত, আটক ৩

ময়মনসিংহে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরখাই গরুহাটার বাজারসংলগ্ন একটি ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে ঘিরে সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ৭ থেকে ৮ যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
.png)





