বেড়াতে আসা গৃহবধূকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
১৯ বছর বয়সী ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ফেরদৌস হাওলাদার কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূর বাবা ও তাকে ফেরদৌস হাওলাদার দুটি স্পিড দেন। তারা স্পিড পান করার পর অচেতন হয়ে পড়েন। পরে পাশের বাড়ির এক নারী এসে গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় কিবরিয়া খন্দকার ও কারিমুল খন্দকারকে পালিয়ে যেতে দেখেন তারা।
গৃহবধূ আরও উল্লেখ করেন, ফেরদৌস হাওলাদার, কিবরিয়া খন্দকার ও কারিমুল খন্দকার গৃহবধূর বাবার বাড়ির প্রতিবেশী। তারা গৃহবধূ বাবার বাড়িতে আসার পর থেকে দুই মাস ধরে তাকে বিভিন্ন সময় বিরক্ত করে আসছিল।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক জানান, ওই নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফেরদৌস হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


