জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রথম দিনে প্রায় দুই হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
চিকিৎসা নিতে আসা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া বলেন, ‘তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ বহুদিন বাঁচে রাখে বাবা। হামরা গরিব মানুষ, ট্যাকার অভাবে চোখ কাটতে পাচ্চিনে। জাইমার অছিলায় আল্লাহ হামার চোখটা ভালো করে দিচ্ছে। আল্লাহ জাইমাক, তারেক বাবাক আর মীর শাহে আলমক ভালো রাখুক।’
রোববার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক প্রতিভাবান ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কর্মসূচি রয়েছে।