Advertisement

উদ্ধার করা গাভির ঘরে নতুন অতিথি, থানা চত্বরে কৌতূহল

এশিয়া পোস্ট নিউজ
উদ্ধার করা গাভির ঘরে নতুন অতিথি, থানা চত্বরে কৌতূহল
ছবি : এশিয়া পোস্ট

পুলিশের হেফাজতে মামলার আলামত হিসেবে রাখা একটি গাভি জন্ম দিয়েছে ফুটফুটে বাছুর। সম্প্রতি নওগাঁর রাণীনগর থানা প্রাঙ্গণে ঘটেছে এই বিরল ও আনন্দঘন ঘটনা। আইনি প্রক্রিয়ার জটিলতার মাঝে নতুন জীবনের এই সূচনার গল্পটি এখন স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, গত জুলাই মাসে নওগাঁ জেলার রাণীনগর, আত্রাই ও বদলগাছিসহ বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়ে নাটোর জেলা থেকে চোরচক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানকালে উদ্ধার করা হয় চুরি যাওয়া পাঁচটি গরু, যার মধ্যে একটি গাভি ছিল অন্তঃসত্ত্বা।

উদ্ধার হওয়া গরুগুলোর কোনো তাৎক্ষণিক দাবিদার বা প্রকৃত মালিক না থাকায়, আদালতের নির্দেশে সেগুলোকে থানা হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়। থানার ভেতরে গরুগুলোর নিয়মিত দেখভাল, খাবার প্রদান ও গোসল করানোর জন্য চুক্তির ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয় মঈন মণ্ডল নামে স্থানীয় এক কৃষককে। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে গরুগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

থানা হেফাজতে থাকা অবস্থাতেই সম্প্রতি অন্তঃসত্ত্বা গাভিটি একটি সুস্থ বাছুরের জন্ম দেয়। দেখভালের দায়িত্বে থাকা কৃষক মঈন মণ্ডল জানান, এতদিন ধরে যত্ন নেওয়ায় গরুগুলোর প্রতি তার বিশেষ মায়া জন্মেছে। গাভিটি বাছুর জন্ম দেওয়ার পর সেই ভালোবাসার টান আরও বেড়ে গেছে।

এদিকে গ্রেপ্তারকৃত এক আসামির স্ত্রী—নাটোরের সিংড়া এলাকার বাসিন্দা পপি রানী নিজেকে এসব গরুর মালিক বলে দাবি করছেন। তার বক্তব্য অনুযায়ী, ছোটবেলা থেকে লালনপালন করা গরুগুলো পুলিশ অভিযানে তার স্বামীসহ আটক করে নিয়ে আসে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাৎক্ষণিকভাবে তার হাতে গরু হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। চলতি সপ্তাহের মধ্যে প্রকৃত মালিকের দেখা না মিললে আগামী সপ্তাহে আদালতের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গরুগুলোর রক্ষণাবেক্ষণ ও খাবারের খরচসংক্রান্ত বিষয়টি আদালতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বিষয় :