দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) মারাত্মকভাবে আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিচারক ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে জামালপুরের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে তাদের প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিচারক ছামিউল হকের করুণ মৃত্যু হয় এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা পঙ্কচার বা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি কোনো রকম সতর্কতা সংকেত না দিয়ে সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকার চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)

