logo
Advertisement

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিয়েছে সরকার: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিয়েছে সরকার: খোকন তালুকদার
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিয়েছে।

Advertisement

তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে এনেছেন। প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় এবং কলেজ পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে মাদারীপুরের ডাসার ইউনিয়নে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাসার ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খোকন তালুকদার বলেন, আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেখে। যেন বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে সেজন্য সারা দেশের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খেলোয়াড়দের মধ্যে একটা প্রতিযোগিতা করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ বনাম আরিফ স্মৃতি সংঘ দল অংশ গ্রহণ করে। ডাসার সবুজ সংঘ দল চার-তিন গোলে বিজয়ী হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু, ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।