এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) ও হামিদুল ইসলাম (২৫)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উমপাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সামনে থাকা ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা অন্তত আটজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
.png)






