নাটোরে বক্তব্য দেওয়ার সময় সাবেক শিবির নেতার মৃত্যু

নাটোর সদর উপজেলায় মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বড়হরিশপুর ইউনিয়নের সাবেক সভাপতি নূর হোসেনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর বড়হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নূর হোসেন উপজেলার পীরজীপাড়া গ্রামের আলহ্বাজ মো. হাফিজ উদ্দিনের ছেলে ও বড়হরিশপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি জংলী ফাজিল মাদ্রাসার প্রভাষক ও মেরিট একাডেমী স্কুলের পরিচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়হরিশপুর ইউনিয়নের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য মতবিনিময় সভা চলছিল। সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নূর হোসেন। উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নূর হোসেনকে মৃত ঘোষণা করেন।
তার এই মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল জানান, নূর হোসেন নাটোর সদর উপজেলার জংলী ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বড়হরিশপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
