logo

হত্যা মামলার আসামিদের বসতঘর ভাঙচুর

হত্যা মামলার আসামিদের বসতঘর ভাঙচুর

নেত্রকোনার মদন উপজেলায় একটি হত্যা মামলার আসামিদের বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঞ্জুরা আক্তার নামের এক নারী শুক্রবার (২৭ মার্চ) রাতে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ (রোববার) উপজেলার পদারকোণা গ্রামে বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সঙ্গে প্রতিবেশী শান্তু মিয়ার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। কিছুক্ষণ পরই মঞ্জু মিয়া মারা যান। এ ঘটনায় ওইদিন মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মদন থানায় হত্যা মামলা করেন।

মামলার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। পরে গত সোমবার ও মঙ্গলবার দুই দফা হামলা চালিয়ে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাটে ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মঞ্জুরা আক্তার বলেন, সীমানা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। কিন্তু মারামারির কোনো ঘটনা ঘটেনি। তর্ক করার সময় মঞ্জু মিয়া অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু আমাদের লোকজনের নামে হত্যা মামলা দিয়ে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে নিহত মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, আমার বাবা মারা গেছে। আমরা শোকে কাতর। আসামিদের ঘরবাড়ি কারা ভাঙচুর করছে তার কিছুই আমি জানি না।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আসামিদের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।