logo
Advertisement

নীলফামারীতে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধ মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
নীলফামারীতে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধ মারা গেছেন
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নীলফামারীর ডোমার উপজেলায় গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে বিষ ঢেলে দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া একরামুল হক (৬০) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী।

এর আগে, সোমবার (৩১ আগস্ট) রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত একরামুল হক উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া তেলিপাড়া গ্রামের মো. ছকিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় লোকজন একরামুল হককে গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে বিষ ঢেলে দেওয়া অবস্থায় গুরুতর আহত হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা রতন ইসলাম এশিয়া পোস্টকে জানান, রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য তার চাচা বাড়ির বাইরে বের হন। এরপর তারা ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে স্থানীয় একজন ব্যক্তি এসে জানান, একরামুল হক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা একরামুল হককে মৃত মনে করেছিলেন। পরে শরীর নড়াচড়া করলে জীবিত থাকার বিষয়টি বুঝতে পারেন। এরপর তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার ধারণা, গলায় আঘাত করার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে একরামুল হকের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী এশিয়া পোস্টকে বলেন, একরামুল হকের সঙ্গে কয়েকজনের জমিজমা-সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তার ওপর হামলা হয়ে থাকতে পারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।