logo

মাথায় ছিল না হেলমেট, লরির চাকায় থেঁতলে গেল প্রাণ

মাথায় ছিল না হেলমেট, লরির চাকায় থেঁতলে গেল প্রাণ

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান জুনেল সিলেট মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য।

সিলেট মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুনেলের মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর লরির চাকার নিচে পড়ে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, জুনেল একটি বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ি ওভারটেক করতে গেলে রাস্তার একটি গর্তে মোটরসাইকেল পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনার সময় তার ছেলে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে কিছুটা আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।