আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মাদক কারবারে বাধা দেওয়ায় সাভারের আশুলিয়ায় ফয়সাল মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নিহত ফয়সাল মোল্লা (৩৬) আশুলিয়ার হুমায়ুন কবির মোল্লার ছেলে। পুলিশ বলছে, হত্যাকারীরা নিহতের সঙ্গের লোকজন হতে পারে। নিহতের বাবার অভিযোগ, মাদক কারবারে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড।
নিহতের বাবা হুমায়ুন কবির বলেন, ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে বাধা দিয়ে আসছিলেন। এর সূত্র ধরে আজ বিকেল ৩টার দিকে মাদক কারবারিরা ফয়সালকে ফোন করে একটি খালি জায়গায় ডাকেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহত যুবক একজন মাদকসেবী ছিলেন, যা তার বাবা নিজেই স্বীকার করেছেন। ধারণা করছি, যারা হত্যা করেছে, তারাও তার সঙ্গের লোকজন হতে পারে। তার গলায় ও হাতে ছুরি দিয়ে জখম করা হয়েছে। কারা তাকে মেরেছে এবং কেন মেরেছে- এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের অফিসাররা কাজ করছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।