logo

অনেক ডিসেম্বর যাবে, শেখ হাসিনা ফিরতে পারবেন না: এমপি খোকন

অনেক ডিসেম্বর যাবে, শেখ হাসিনা ফিরতে পারবেন না: এমপি খোকন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: এশিয়া পোস্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ডিসেম্বরে নয়, এ রকম আরও অনেক ডিসেম্বর চলে যাবে, কিন্তু তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। যত অপকর্ম করেছেন এবং মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে ফিরতে দেবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (২৩ অক্টোবর) মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি খোকন আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আশায় যারা আবারও অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্ন স্থানে বোমা হামলা ও আগুন লাগাচ্ছে, তারা আবারও বিপদে পড়বে। তাদের পরিবারও বিপদে পড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করে নষ্ট করতে চায়। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তার কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ। তিনি বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। বাংলাদেশের সব মানুষ তার কাছেই নিরাপদ।

জামায়াতের নেতাদের প্রসঙ্গে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে ক্ষমতায় আসার জন্য জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে এমন কোনো অপরাধ তারা করেনি, যা এই নির্বাচনকে ঘিরে ঘটেনি। তারা সেই সুযোগ আর কখনোই পাবে না।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।