টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার সেনবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়া এলাকার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালকও মারা যান।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল সালাম জানান, জামালপুর থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন নিহত হন এবং পরে আরও একজনের মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।