logo

চামড়া রাখাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
চামড়া রাখাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ
ছবি: এশিয়া পোস্ট

কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার (২৮ মে) রাতে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরিয়তউল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে কোরবানির পশুর চামড়া রাখেন শরিয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনের জায়গায় ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ জানান। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে। সন্ধ্যার পর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের বেশির ভাগই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।