logo

বিএনপি আমার দল না: রুমিন ফারহানা

বিএনপি আমার দল না: রুমিন ফারহানা

আমার দলতে কিছু নেই, বিএনপি এখন আমার দল না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমাকে তো বিএনপি থেকে বহিষ্কার করে দিয়েছে। বিএনপি তো আর আমার দল না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। 

জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, তার মূল লক্ষ্য দল নয়, এলাকার মানুষ ও তাদের স্বার্থ। কথোপকথনে তিনি বলেন, ‘আমি সরাইল-আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, ব্রাহ্মণবাড়িয়া-২ এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ আর মানুষের স্বার্থ নিয়েই আমার আলোচনা হবে।’

ভোটের দিন ও আগের রাতের পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে, রাতে টাকা বিলি করেছে, কিছু কেন্দ্রে ভোট ছাপানোর চেষ্টাও হয়েছে।’ 

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর ভূমিকাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে পরিস্থিতি সামাল না দিত, তাহলে এই আসনের চিত্র ভিন্ন হতে পারত।’

দলগত ভাবে বিএনপি সংসদে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অবস্থান কেমন হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যেমন অবস্থান থাকে, আমার অবস্থান তেমন হবে।

দলগতভাবে বিএনপি আমন্ত্রণ জানালে আপনার অবস্থান কি হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগে আমন্ত্রণ জানাক, তখন দেখা যাবে।’

এ সময় দলীয় অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন—তাই বিএনপি এখন আর আমার দল না। 

তবে একই সঙ্গে তিনি বিএনপিতে যারা ভালো করেছেন তাদের শুভেচ্ছা জানিয়ে যোগ করেন, ‘যারা ভালো ফল করেছে, দল হোক বা ব্যক্তি—সবার জন্য শুভেচ্ছা থাকবে। প্রত্যেকেই যেন শপথ অনুযায়ী দায়িত্ব পালন করে, সেটাই চাই।’

নির্বাচনের ফল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে রুমিন ফারহানা উল্লেখযোগ্য ব্যবধানে জয় পান। মোট ১৫১টি কেন্দ্রে তিনি পান ১ লাখ ১৭ হাজারের বেশি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী পান প্রায় ৮০ হাজার ভোট।