logo

তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন র‌্যাব সদস্য

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন র‌্যাব সদস্য
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনার সূত্র ধরে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর বিষয়ে তথ্য সংগ্রহে সোমবার বিকেলে খাগাতোয়া গ্রামে যান র‍্যাবের তিন সদস্য। ডাকাত দলের সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ঘিরে ফেলে এবং জিম্মি করে একটি আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদের ওপর হামলা ও মারধর করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদেরকে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ডাকাত শফিক বাহিনীর বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমাদের সদস্যরা হামলার শিকার হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সেলাই দিতে হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।