তালিকা ছাড়াই চট্টগ্রামে বাসে ‘মনমতো’ বাড়তি ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীতে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত হার অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে বর্তমানে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন এই হার কার্যকর হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দশমিকের পর ৫০ পয়সা বা তার বেশি হলে তা পরবর্তী পূর্ণ টাকা ধরা হবে এবং ৫০ পয়সার কম হলে তা আগের পূর্ণ টাকায় নামিয়ে আনা হবে। এই নতুন তালিকা কেবল ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য, সিএনজিচালিত যানের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে।
এই হিসাব অনুযায়ী, কালুরঘাট সেতু-নিউমার্কেট ১৪ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা, কর্ণফুলি সেতু-নিউমার্কেট ১০ কিলোমিটার ২৫ টাকা, নিউমার্কেট-ভাটিয়ারী ১৫ কিলোমিটারে ৩৮ টাকা, কোতোয়ালি-ভাটিয়ারী ১৬.২ কিলোমিটার (প্রায়) ৪১ টাকা, নিউমার্কেট-বিমানবন্দর ১৮.৬ কিলোমিটার ৪৭ টাকা, লালদিঘী-পতেঙ্গা সমুদ্রসৈকত ১৮.৬ কিলোমিটার ৪৭ টাকা, কালুরঘাট–পতেঙ্গা সমুদ্রসৈকত ২৫ কিলোমিটার ৬৩ টাকা, নিউমার্কেট-অক্সিজেন ৮ কিলোমিটার (প্রায়) ২০ টাকা। স্বল্প দূরত্বে চকবাজার-নিউমার্কেট ভাড়া সর্বনিম্ন ১০ টাকা।
এদিকে ভাড়ার আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেই নগরীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি ও আগ্রাবাদ এলাকায় দেখা গেছে, অনেক বাসে ১০ টাকার ভাড়া ১৫ টাকা এবং ১৫ টাকার ভাড়া ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প দূরত্বের যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, ডিজেলচালিত বাসের পাশাপাশি সিএনজিচালিত বাস ও হিউম্যান হলারগুলোতেও (লেগুনা) অবৈধভাবে ভাড়া বাড়ানো হয়েছে। মুরাদপুর থেকে জিইসি রুটে যাতায়াতকারী এক শিক্ষার্থী জানান, প্রতিদিন বাড়তি ১০-১৫ টাকা গুনতে হওয়ায় মাস শেষে তা বড় আর্থিক চাপ সৃষ্টি করছে।
সাধারণ যাত্রীদের দাবি, প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় চালকরা রাস্তায় কিছু বাড়তি ভাড়া আদায় করেছিল। তবে ভাড়ার চার্ট বা আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এমনটি আর হবে না।