logo

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা দুই ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে যায়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে এক ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে যায়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, এক ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। এমনকি ঘরের কাপড়-চোপড়ও তারা নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি বাড়িতে ঘর ভেতরের দিকে হওয়ায় ডাকাতরা নির্বিঘ্নে ঘটনাগুলো ঘটাতে সক্ষম হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।