logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

৮ কোটি টাকার হেরোইন ও বিদেশি পিস্তলসহ আটক ৪

৮ কোটি টাকার হেরোইন ও বিদেশি পিস্তলসহ আটক ৪
মাদক ও বিদেশি পিস্তলসহ আটক চারজন। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজশাহী মহানগরীর একটি বাসা থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

Advertisement

তিনি জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রাজনগর হাটপাড়া এলাকায় প্রথম অভিযান চালায় এসআরবির একটি যৌথ আভিযানিক দল। এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

অন্যদিকে একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় এসআরবি-৫-এর গোয়েন্দা দল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

এসআরবি-৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

এদিকে গত ছয় মাসে এসআরবি-৫-এর অভিযানের সাফল্যের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এ সময়ে বাহিনীটি ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে এসআরবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ শনাক্ত ও প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।