চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে যুবদল নেতার মারধর, প্রাণনাশের হুমকি

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার বণিক সমিতির সভাপতি নূর মোহাম্মদ প্রকাশ আকাশের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ও পরিবারের নিরাপত্তাসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কুঠিরহাট বাজার বণিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ আকাশ জানান, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুঠিরহাট বাজারে অবস্থিত তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স রাফি হার্ডওয়্যার’-এ একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তার অভিযোগ, স্থানীয় যুবদল নেতা নূর আলম (৪৭) ও নুরুল আফছারের (৩০) নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল দোকানে ঢুকে তাকে মারধর করে এবং আসবাবপত্র ভাঙচুর করে।
ভুক্তভোগী আরও উল্লেখ করেন, অভিযুক্ত নূর আলম দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার দিন পুনরায় চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে আহত করে এবং দোকানের মালামাল নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
নূর মোহাম্মদের দাবি, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছিল। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে কুঠিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।