logo

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, যুবদল নেতাকে শোকজ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, যুবদল নেতাকে শোকজ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়েদ হোসাইন শাকিলকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের দলীয় প্যাডে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্যাডে এই শোকজ দেওয়া হয়।

শোকজে বলা হয়, আপনি (জুবায়েদ হোসাইন শাকিল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) নির্বাচনি প্রচারণায় আপনার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, প্রকারান্তরে বিরোধিতা করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনানুযায়ী বার্তা প্রেরিত হয়েছে।

বক্তব্য জানতে চাইলে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়েদ হোসাইন শাকিল বলেন, আমি ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছি। দলের সীদ্ধান্তের বাইরে কখনোই যাইনি। গ্রুপিং রাজনীতির কারণে আমার বিরুদ্ধে কেন্দ্রে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। শোকজের যথাযথ জবাব দেওয়া হবে।

ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনে জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের রিকসা প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। নির্বাচনে মোতাহার হোসেন তালুকদার পান ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে জয়ী হন।