logo

গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে: প্রতিমন্ত্রী ফরিদুল

গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে: প্রতিমন্ত্রী ফরিদুল
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ দলকে বিএনপির কেউ সহযোগিতা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা ও রামপালসহ দক্ষিণাঞ্চলের মানুষ ৫ আগস্টের পর থেকে শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তারা মনে করছে, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবে। এ ধরনের স্বপ্ন থেকেই তারা নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছে। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ভেবেছিল, তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি। যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা চাই, কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক।

তিনি আরও বলেন, একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে আসতে পারে না। বিএনপি কখনো পালিয়ে যায়নি। ১৭ বছর ধরে নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে দলটি রাজপথে ছিল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকার তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দলটিকে নিষিদ্ধ করেছে। ফ্যাসিস্টের দোসররাই বারবার লাশের রাজনীতি করেছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ নারী-পুরুষ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।