কোরবানি হাটে মহিষের আক্রমণ, নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে বেপরোয়া মহিষের আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
মঙ্গলবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এর আগে, রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজন ২৫ মে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মহিষের আক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।
নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের ন্যায় হাটের মধ্যে ছোটাছুটি করে এবং হাটের মানুষদের আক্রমণ করে। মহিষের আক্রমণ থেকে রক্ষা পেতে হাটের মানুষ ছোটাছুটি শুরু করেন।সে সময় হাটে আসা রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহল আমীনসহ অন্তত ছয়জনকে মারাত্বক ভাবে আক্রমণ করে।
এর মধ্যে রুহুল আমীনকে চিকিৎসার জন্য নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
