logo

ধানক্ষেতে পড়ে ছিল মৎস্যজীবী দলের নেতার মরদেহ

ধানক্ষেতে পড়ে ছিল মৎস্যজীবী দলের নেতার মরদেহ
মৎস্যজীবী নেতা রমজান মিয়া। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে মৎস্যজীবী দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পরে উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. রমজান মিয়া (৩৫) ওই গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে গোসল করার জন্য লুঙ্গি নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে যান রমজান। তবে গোসল না করে মাছ ধরার জাল নিয়ে পাশের ধানক্ষেতে চলে যান তিনি। এরপর দিনভর বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বের হন তার স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, রমজান মিয়া মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।