বেশি লাভের আশায় ৩৮ হাজার লিটার তেল মজুত

বরগুনার পাথরঘাটা উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে জরিমানা টাকা ৫০ হাজার টাকাকরা হয়েছে। পরে জব্দ করা জ্বালানি সরকারি মূল্যে জেলেদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মাছ ধরা ট্রলারগুলোর জন্য নির্ধারিত জ্বালানি দীর্ঘ দিন ধরে মজুত করে রাখা হয়েছে। অতিরিক্ত লাভের আশায় একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছিল। ফলে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন।
স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন পর প্রশাসনের কার্যকর অভিযানে তারা স্বস্তি পেয়েছেন। নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতে কৃত্রিম সংকট তৈরি হবে না বলে তারা আশা প্রকাশ করেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রলার চলাচল বন্ধের উপক্রম হয়েছিল। প্রশাসনের উদ্যোগে রাতেই তালিকা অনুযায়ী ডিজেল বিতরণ করা হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা সিন্ডিকেট কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।